বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হলেও খেলার চেতনা ও ক্রীড়াত্মক সম্পর্কের সৌহার্দ্য বজায় রেখে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শেহবাজ শরীফ তার পোস্টে লেখেন, “পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। একইসঙ্গে আমি আমাদের ক্রিকেট দলের উজ্জীবিত পারফরম্যান্সের প্রশংসাও করি।”
তিনি আরও বলেন, “জয়-পরাজয় খেলারই অংশ, এবং এটাই হলো ক্রীড়াপ্রেমের প্রকৃত চেতনা। আমাদের দুই দেশের মধ্যে এই ক্রীড়া-সম্পর্ক আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে এবং বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
দুই প্রতিবেশী দেশের মধ্যে মাঠের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও ক্রীড়া পরিসরে সৌহার্দ্যপূর্ণ বার্তা আদান-প্রদান কূটনৈতিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।










