Home এশিয়া পেসিফিক দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে।

দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে।

316
0

দীর্ঘ আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।

চুক্তি অনুযায়ী, ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে। বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডের টার্নবেরিতে নিজ গলফ রিসোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ফন ডার লিয়েনের পাশে দাঁড়িয়ে এই চুক্তির ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, “আজ আমরা একটি চুক্তিতে পৌঁছেছি, যা অত্যন্ত ইতিবাচক। কোনো ধরনের টানাপোড়েন ছাড়া এমন এক সমঝোতায় পৌঁছানো দারুণ একটি অর্জন।”

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যের ওপর সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক ধার্য করবে, যেখানে এর আগে ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি ছিল। এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, শুল্কহার ১৫ শতাংশের নিচে নামবে না। তিনি বলেন, “এই চুক্তি আমাদের আরও কাছাকাছি আনবে এবং এক ধরনের অংশীদারিত্ব গড়ে তুলবে।” তিনি এটিকে “এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি” হিসেবে বর্ণনা করেন এবং জানান, যুক্তরাষ্ট্র আরও তিন-চারটি দেশের সঙ্গে চুক্তির কথা বিবেচনা করছে।

চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং মার্কিন জ্বালানি ও সামরিক সরঞ্জাম ৭৫০ বিলিয়ন ডলারে ক্রয় করবে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।”

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও চুক্তিটির প্রশংসা করে একে “বৃহৎ পরিসরের চুক্তি” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে এই চুক্তি দীর্ঘ ও কঠিন আলোচনার ফল।”

তিনি আরও বলেন, এই চুক্তি ব্যবসায়িক স্থিতিশীলতা ও পূর্বানুমানযোগ্যতা নিশ্চিত করবে, যা উভয় পক্ষের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় পক্ষ সম্মত হয়েছে যে সবক্ষেত্রেই ১৫ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে। ফন ডার লিয়েন বলেন, “আমি শুরু থেকেই জানতাম এটি কঠিন হবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা একটি ইতিবাচক ফলাফল পেতে সক্ষম হয়েছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here