ইসরায়েলের হুমকির মুখে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
ইসরায়েল সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ রবিবার এ হুমকি দেন।
তিনি একইসঙ্গে ইরানে নতুন করে হামলা চালানোরও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে বলেন, “আমি এখান থেকেই খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই: আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আরও শক্তিশালীভাবে তেহরানে পৌঁছাবে—এবং এবার আপনিও সরাসরি লক্ষ্যবস্তু হবেন।”
এই বক্তব্যটি ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ প্রকাশ করেছে। তবে ইরানের পক্ষ থেকে এই হুমকির কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর দুই দেশের মধ্যে ১২ দিনের সংঘর্ষ শুরু হয়। পাল্টা জবাবে তেহরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা করে।
শেষ পর্যন্ত, ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষের ইতি ঘটে।










