লাতিন আমেরিকার দেশ ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, এই অতিরিক্ত শুল্কের ফলে ব্রাজিলের ওপর মোট শুল্কহার বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
বুধবার (৩০ জুলাই) হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ব্রাজিলের পণ্যের ওপর নতুন করে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।
হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, ব্রাজিল সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দমন-পীড়ন, ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও সেন্সরশিপ চালাচ্ছে এবং সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ও তার হাজারো সমর্থকের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করছে—যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এসব কর্মকাণ্ড ব্রাজিলে আইনের শাসনকে ক্ষতিগ্রস্ত করেছে।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে ২৮ কোটি ৪০ লাখ ডলারের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে। তবে নতুন করে আরোপিত শুল্ক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে হোয়াইট হাউস থেকে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। যদিও এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হতে পারে।










