Home বিশ্ব সিন্ধু অঞ্চলকে ঘিরে ভারত–পাকিস্তানে নতুন উত্তেজনা, রাজনাথ সিংয়ের মন্তব্যে দুই দেশের বিরোধ...

সিন্ধু অঞ্চলকে ঘিরে ভারত–পাকিস্তানে নতুন উত্তেজনা, রাজনাথ সিংয়ের মন্তব্যে দুই দেশের বিরোধ তীব্র

82
0

সিন্ধু অঞ্চলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে এই নতুন বিরোধ, যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।

গত রোববার দিল্লিতে অনুষ্ঠিত একটি সিন্ধি সমাজ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে রাজনাথ সিং বলেন, সিন্ধু অঞ্চল বর্তমানে ভারতের অংশ না হলেও ভবিষ্যতে সীমান্ত পরিবর্তন হতে পারে এবং অঞ্চলটি আবারও ভারতের অধীনে ফিরতে পারে। ভারতীয় গণমাধ্যম তাঁর এই মন্তব্যকে ‘বিস্ফোরক’ বলে আখ্যা দিয়েছে।

১৯৪৭ সালের দেশ বিভাগের পর সিন্ধু নদীঘেঁষা অঞ্চলটি পাকিস্তানের অংশ হয়। দেশভাগের সময় বিপুলসংখ্যক সিন্ধি হিন্দু ভারতে চলে আসেন। এই ঐতিহাসিক ঘটনা স্মরণ করে রাজনাথ সিং উল্লেখ করেন, সিন্ধি হিন্দুরা—বিশেষত লালকৃষ্ণ আদভানির প্রজন্ম—সিন্ধুর বিচ্ছিন্নতাকে কখনোই মেনে নিতে পারেননি। তাঁর মতে, আদভানি তার লেখায় স্পষ্ট উল্লেখ করেছেন যে সিন্ধি হিন্দুরা আজও সেই বিচ্ছিন্নতাকে মনের ভেতর স্বীকার করতে পারেন না।

রাজনাথ সিংয়ের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, তাঁর বক্তব্য ‘বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ’। পাকিস্তানের মতে, ‘সিন্ধু ভারতে ফিরে আসতে পারে’—এ ধরনের মন্তব্য শুধু উসকানিমূলকই নয়, বরং দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নেতাদের এমন মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভারতের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্মীয় সহিংসতায় জড়িতদের বিচারের মুখোমুখি করা এবং ইতিহাস বিকৃতির কারণে সৃষ্টি হওয়া বৈষম্য দূর করার পরামর্শও দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here