Home বাংলাদেশ National সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য ১২২তম বার সময়, পরবর্তী দিন...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার জন্য ১২২তম বার সময়, পরবর্তী দিন ৫ জানুয়ারি

93
0

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এটি হবে তদন্ত প্রতিবেদনের জন্য সময় চাওয়ার ১২২তম বারের মতো।

রবিবার (৩০ নভেম্বর) প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ওই ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে মামলা থেকে সরিয়ে তদন্তের দায়িত্ব উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাস্কফোর্সকে দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত এই টাস্কফোর্সকে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

তবে এই সময়সীমা শেষ হলেও প্রতিবেদন দাখিল না করায় রাষ্ট্রপক্ষ আরও নয় মাস সময় চেয়ে আবেদন করে। ২২ এপ্রিল শুনানি শেষে আদালত ছয় মাস সময় বাড়িয়ে দেন এবং ২২ অক্টোবর আদেশের জন্য দিন ধার্য করেন। তবে এই সময়ের মধ্যেও প্রতিবেদন না আসায় হাইকোর্ট গত ২৩ অক্টোবর তদন্তের জন্য আরও ছয় মাস সময় দেয়। আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয়, এটাই হবে সময় বাড়ানোর শেষ সুযোগ।

উল্লেখ্য, মামলাটির তদন্তের অগ্রগতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে সাংবাদিক সমাজ ও নাগরিক মহল। এখনও পর্যন্ত তদন্ত সংস্থা অপরাধীদের শনাক্ত করে কোনো চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here