বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “গত ২৭, ২৮ ও ২৯ নভেম্বর – এই তিনদিন তার শারীরিক অবস্থা একই রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা যায়, ‘She is maintaining the treatment’ – অর্থাৎ তাকে দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। আমরা আশা করছি তিনি এই চিকিৎসায় সুস্থ হয়ে উঠবেন। দেশবাসীর কাছে আমরা দোয়ার অনুরোধ করছি।”
বিদেশে চিকিৎসা সংক্রান্ত প্রশ্নে ডা. জাহিদ বলেন, “এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করছে খালেদা জিয়ার সার্বিক শারীরিক পরিস্থিতি, মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ এবং তাদের সুপারিশের ওপর। কোনো সিদ্ধান্ত হলে তা যথাসময়ে জানানো হবে।”
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে।
বিএনপি মহাসচিব এর আগেই জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা বর্তমানে ‘সংকটাপন্ন’। এ বিষয়ে ডা. জাহিদ জানান, “গত ২৭ নভেম্বর থেকে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “তার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মেডিকেল বোর্ড ও চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নিশ্চিত করছেন চিকিৎসা কার্যক্রম কোনোভাবেই বিঘ্নিত না হয়।”
ডা. জাহিদ উল্লেখ করেন, খালেদা জিয়ার পাশে আছেন তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দার এবং আত্মীয়স্বজন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ।
তিনি জানান, “এই চিকিৎসা কার্যক্রমে এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও নার্সদের পাশাপাশি ইউকে, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও মাউন্ট সিনাই হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।”
ডা. জাহিদ দেশবাসীর প্রতি আবারও দোয়ার আহ্বান জানিয়ে বলেন, “বিএনপির প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।”
তিনি জানান, বর্তমানে এভারকেয়ার হাসপাতালে আরও প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের সেবা নিশ্চিত করতে দলের নেতা-কর্মীদের ভিড় না করার জন্য তিনি অনুরোধ করেন।
ডা. জাহিদ আরও বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অনেক বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান আগ্রহ ও উদ্বেগ প্রকাশ করেছেন। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন।”










