আলাভেসের মাঠে কঠিন পরীক্ষায় নেমেও জয় নিয়েই ফিরেছে রিয়াল মাদ্রিদ। শুরুতেই হাঁটুতে আঘাত পেয়ে কিলিয়ান এমবাপ্পে কিছুটা ভুগলেও পরে সেই ফরাসি তারকাই এগিয়ে দেন দলকে। ম্যাচের শেষভাগে রদ্রিগোর গোলে সব শঙ্কা দূর করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় জাবি আলোন্সোর শিষ্যরা।
রোববারের এই লা লিগা ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। ১৭ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহ এখন ৩৯ পয়েন্ট। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৪৩।
সাম্প্রতিক সময়ে টানা খারাপ ফলের কারণে আলোন্সোর ওপর চাপ বাড়ছিল। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের আট ম্যাচে মাত্র দুই জয়, তার ওপর শেষ দুই ম্যাচে ঘরের মাঠে হার। এমন অবস্থায় এই জয় কোচের জন্যও বড় স্বস্তি হয়ে এসেছে।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন এনে একাদশ সাজান আলোন্সো। চোট ও নিষেধাজ্ঞায় নিয়মিত ডিফেন্ডাররা না থাকায় অভিষেক হয় একাডেমির ১৯ বছর বয়সী ফুলব্যাক ভাল্দেপেনাসের।
ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম বড় সুযোগ কাজে লাগায় রিয়াল। ২৪তম মিনিটে জুড বেলিংহ্যামের লম্বা পাস ধরে বক্সে ঢুকে গোল করেন এমবাপ্পে। চলতি লা লিগায় এটি তার ১৭তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াল ২৬। রিয়ালের জার্সিতে মোট ৭০ গোলও পূর্ণ করলেন তিনি।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল। যোগ করা সময়ে থিবো কোর্তোয়া দারুণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের পরপর দুটি শট ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক আন্তোনিও সিভেরা। ৬৭তম মিনিটে বদলি নেমেই গোল করে আলাভেসকে সমতায় ফেরান কার্লোস ভিনসেন্তে। ভিএআরের সাহায্যে সেই গোল বৈধতা পায়।
তবে ম্যাচের নিয়ন্ত্রণ বেশিক্ষণ হাতছাড়া হতে দেননি রিয়াল। ৭৬তম মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে কাছ থেকে গোল করে আবার দলকে এগিয়ে দেন রদ্রিগো। প্রায় ১১ মাস পর লা লিগায় গোল পেলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। রিয়ালের হয়ে তার গোলসংখ্যাও এখন ৭০।
এই গোলের পর ডাগআউটে জাবি আলোন্সোর উচ্ছ্বাসই বুঝিয়ে দিচ্ছিল ম্যাচটির গুরুত্ব। স্প্যানিশ গণমাধ্যমে ম্যাচের আগে খবর ছিল, এই ম্যাচে জয় না পেলে কোচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
এই ম্যাচেই প্রথমবার আলোন্সোর অধীনে এমবাপ্পে, ভিনিসিয়ুস, রদ্রিগো ও বেলিংহ্যাম একসঙ্গে শুরুর একাদশে খেললেন এবং প্রত্যেকেই গোল বা অ্যাসিস্টে অবদান রাখলেন।
রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ আগামী বুধবার কোপা দেল রের শেষ বত্রিশে, যেখানে তারা মুখোমুখি হবে তৃতীয় স্তরের দল আর সিএফ তালাভেরার।










