Home খেলা ওয়াংখেড়েতে মেসি ও শচীনের স্মরণীয় সাক্ষাৎ, উপহার বিনিময়ে ঐতিহাসিক মুহূর্ত

ওয়াংখেড়েতে মেসি ও শচীনের স্মরণীয় সাক্ষাৎ, উপহার বিনিময়ে ঐতিহাসিক মুহূর্ত

161
0

ভারতের মুম্বাইয়ে অবস্থিত ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ সৃষ্টি হলো এক অসাধারণ ক্রীড়ামঞ্চের, যেখানে একসঙ্গে দেখা গেল ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি এবং ক্রিকেটের মহানায়ক শচীন টেন্ডুলকারকে। মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর তৃতীয় গন্তব্য ছিল মুম্বাই, আর এই সফরেই এই দুই ক্রীড়া তারকার অভূতপূর্ব মিলন ঘটল।

আর্জেন্টাইন তারকা মেসি ওয়াংখেড়েতে প্রায় এক ঘণ্টা সময় কাটান। তিনি সেখানে ভারতের উদীয়মান ফুটবলারদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাক্ষাৎ করেন শচীন টেন্ডুলকার, ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ সুনীল ছেত্রী এবং বিনোদন অঙ্গনের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে। মেসির সফরসঙ্গী ছিলেন তাঁর ইন্টার মায়ামি ক্লাবের সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল।

এই সাক্ষাৎকে স্মরণীয় বলে উল্লেখ করে শচীন টেন্ডুলকার বলেন, “ওয়াংখেড়ে স্টেডিয়াম আমার জীবনের বহু স্মৃতি বহন করে। এখানেই আমরা ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিলাম। আজ মেসির উপস্থিতি সেই স্মৃতিকে আরও সমৃদ্ধ করল।” তিনি আরও বলেন, “মেসি একজন সত্যিকারের অনুপ্রেরণা। তাঁর বিনয়, পরিশ্রম এবং প্রতিশ্রুতি বিশ্বজুড়ে কোটি মানুষকে প্রভাবিত করে।”

এই সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে শচীন তাঁর স্বাক্ষর করা ১০ নম্বর জার্সি উপহার দেন মেসিকে। এর জবাবে মেসিও একটি ফুটবল উপহার দেন শচীনকে, যা দুই কিংবদন্তির পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক হয়ে রইল।

রোববার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাই পৌঁছান লিওনেল মেসি। এটি ছিল তাঁর ভারত সফরের দ্বিতীয় দিন। আগামীকাল (সোমবার) তিনি দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এর আগে শনিবার ভোরে কলকাতা হয়ে ভারত সফর শুরু করেন মেসি। যদিও কলকাতায় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কিছু বিশৃঙ্খলা দেখা দেয়, তবে হায়দরাবাদে তাঁর কার্যক্রম শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here