লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের এক বিক্ষোভ চলাকালে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে পাল্টা কর্মসূচি পালন করেছেন খালিস্তানপন্থি শিখ আন্দোলনকারীরা। শনিবার (২৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।
হিন্দুত্ববাদীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন। একই সময়ে শিখ সম্প্রদায়ের সদস্যরা খালিস্তান আন্দোলনের সমর্থনে ও হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে ভারতীয় এক হিন্দুত্ববাদী ও শিখ নেতা পরমজিৎ সিংয়ের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।
পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে উভয় পক্ষকে আলাদা করে এবং হাইকমিশনের এলাকা থেকে সরিয়ে দেয়।
তবে খালিস্তানপন্থি শিখরা এরপরও হাইকমিশনের প্রবেশপথে মানববলয় গড়ে প্রতিবাদ অব্যাহত রাখেন। এ সময় তারা ভারত সরকারের বিরুদ্ধে হাদি ও হারদীপ সিং নিজ্জরের মতো হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, হত্যাকারীরা ঘটনার পর ভারতে পালিয়ে গেছে। হাদির সহকর্মীরা দাবি করছেন, এতে ভারত এবং বাংলাদেশে ক্ষমতাসীন মহলের হাত রয়েছে।










