Home এশিয়া পেসিফিক অস্ট্রেলিয়ায় ‘তাণ্ডব’ উন্মাদনা: সিনেমা হলে, রেস্তোরাঁয় আর দর্শকের হৃদয়ে

অস্ট্রেলিয়ায় ‘তাণ্ডব’ উন্মাদনা: সিনেমা হলে, রেস্তোরাঁয় আর দর্শকের হৃদয়ে

164
0

শীতল সন্ধ্যায় সিডনির ব্যস্ত সিনেমা হলের সামনে লম্বা লাইন—কে বলবে, এটি একটি বাংলা সিনেমার জন্য? অথচ পর্দায় চলছে শাকিব খানের নতুন ছবি ‘তাণ্ডব’। ২০ জুন মুক্তির পর মাত্র কয়েক দিনের মধ্যেই সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডের হলে ছবিটি দেখে ফেলেছেন চার হাজারের বেশি প্রবাসী দর্শক। পাইরেসির সহজ রাস্তা বাদ দিয়ে তারা বড় পর্দার অভিজ্ঞতাকে বেছে নিয়েছেন।

দর্শকের অভূতপূর্ব সাড়া

হয়েটস, ইভেন্ট ও ভিলেজের মতো অস্ট্রেলিয়ার বড় বড় থিয়েটারে চলছে ‘তাণ্ডব’। এই প্রথমবার কোনো বাংলা সিনেমা শুধু বড় শহর নয়, আশপাশের উপশহরেও প্রদর্শিত হচ্ছে।

সিডনির হয়েটস সিনেমায় এক তরুণ দর্শক জানালেন, “রায়হান রাফীর পরিচালনা আর শাকিব খানের অভিনয় এক কথায় দুর্দান্ত।” মেলবোর্নের আফরোজা নাহার বলেন, “বড় পর্দায় আফজাল হোসেনকে দেখে মন ভরে গেল। আর জয়া তো বরাবরের মতোই অনবদ্য।”

এক দর্শক শো শেষে মোবাইলে আবেগঘন ভিডিও বার্তায় বলেন, “এটা শুধু সিনেমা নয়, এক অনুভূতির বিস্ফোরণ। শব্দ, দৃশ্য, আবেগ—সব মিলিয়ে বাংলা সিনেমার এক নতুন যুগ শুরু হয়েছে।”

প্রযুক্তিতেও প্রশংসিত

শুধু অভিনয় নয়, ডলবি সারাউন্ড সাউন্ড, স্ক্রিনের প্রভাব এবং অ্যাকশন দৃশ্যের গুণগত মান দর্শকদের মুগ্ধ করছে। এটি প্রবাসী দর্শকদের জন্য হয়ে উঠেছে এক গর্বের মুহূর্ত—অস্ট্রেলিয়ার পরিপাটি প্রেক্ষাগৃহে মাতৃভাষার চলচ্চিত্র উপভোগের এক ভিন্ন মাত্রা।

থিয়েটার পেরিয়ে রেস্তোরাঁয় ‘তাণ্ডব খিচুড়ি’

শাকিব খানের ‘পাখি নাচ’ দৃশ্য দর্শকদের এতটাই আলোড়িত করেছে যে কেউ কেউ সিনেমা শেষ করে নাচতে নাচতে হল থেকে বের হচ্ছেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে।

এই উন্মাদনার ঢেউ পৌঁছে গেছে সিডনির ল্যাকেম্বার এক বাংলাদেশি রেস্তোরাঁয়ও। তারা তাদের জনপ্রিয় খিচুড়ির নাম রেখেছে ‘তাণ্ডব খিচুড়ি’। মালিক জানান, “যারা সিনেমায় তাণ্ডব উপভোগ করেছেন, তারা আমাদের খিচুড়িতেও সেই স্বাদ খুঁজে পাবেন—মসলায় ভরপুর, বিস্ময়ে পরিপূর্ণ।”

পাইরেসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ছবিটির অস্ট্রেলিয়া পরিবেশক বঙ্গজ ফিল্মস-এর কর্ণধার তানিম মান্নান জানান, পাইরেসি রোধে তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করেছেন।

তিনি বলেন, “কেউ যদি পাইরেসিতে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাই না কোনো প্রবাসী বাংলাদেশি এমন সমস্যায় পড়ুক।”

তিনি আরও যোগ করেন, “‘তাণ্ডব’ কেবল একটি সিনেমা নয়, এটি প্রবাসী বাঙালিদের আবেগ, সংস্কৃতির সঙ্গে সংযোগের একটি উপায়। সিনেমা হলে না দেখলে সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন।”

এবার নিউজিল্যান্ডে ‘তাণ্ডব’

শুধু অস্ট্রেলিয়া নয়, আগামী ৬ জুলাই নিউজিল্যান্ডেও মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’। অকল্যান্ডসহ বিভিন্ন শহরে জোর প্রস্তুতি চলছে। প্রবাসী বাঙালিদের আগ্রহও এখন তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here