Home এশিয়া পেসিফিক অস্ট্রেলিয়ায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন, ডেটা সেন্টার ও এআই অবকাঠামো...

অস্ট্রেলিয়ায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন, ডেটা সেন্টার ও এআই অবকাঠামো সম্প্রসারণ

387
0

বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন অস্ট্রেলিয়ায় তাদের ডেটা সেন্টার অবকাঠামো সম্প্রসারণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ২০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১২ দশমিক ৯৭ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। পাঁচ বছরব্যাপী এই বিনিয়োগ কার্যক্রম ২০২৫ সাল থেকে ধাপে ধাপে শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হবে। গত শনিবার এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

অ্যামাজন জানিয়েছে, এই বিনিয়োগ তাদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রযুক্তিগত অঙ্গীকার। মূলত নতুন সার্ভার স্থাপন এবং জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত ওয়ার্কলোড সমর্থনের লক্ষ্যে এই তহবিল ব্যয় করা হবে।

অ্যামাজন আরও জানায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যে তারা তিনটি নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে। এই প্রকল্পগুলো থেকে সম্মিলিতভাবে ১৭০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কেনার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ২০ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে, আমাদের অর্থনীতি ও উৎপাদনশীলতা বাড়াবে। এটি অস্ট্রেলিয়ার অর্থনীতির প্রতি এক বিশাল আস্থার প্রকাশ।”

বিশ্বজুড়ে বড় বড় প্রযুক্তি কোম্পানি জেনারেটিভ এআই এবং ক্লাউড কম্পিউটিংয়ের দ্রুত বাড়তে থাকা চাহিদা মেটাতে তাদের পরিকাঠামো সম্প্রসারণ করছে। অ্যামাজন, মাইক্রোসফট ও গুগল ইতিমধ্যে ব্যাপক হারে ডেটা সেন্টার বিনিয়োগ বাড়িয়েছে, যাতে বাজারে শেয়ার ধরে রাখা যায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কার্যক্রমে সক্ষমতা বাড়ে।

এছাড়া, গত সোমবার অ্যামাজন ঘোষণা দিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অন্তত ২০ বিলিয়ন ডলার বিনিয়োগে নতুন ডেটা সেন্টার গড়ে তুলবে। জুনের শুরুতে প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় ১০ বিলিয়ন ডলার এবং তাইওয়ানে তাদের নতুন ক্লাউড অবকাঠামো নির্মাণে ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here