Home বাংলাদেশ National “কারো হুকুমে, কারো নির্দেশনায় কাজ করবো না”: সিইসি

“কারো হুকুমে, কারো নির্দেশনায় কাজ করবো না”: সিইসি

196
0

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, “কারো হুকুমে, কারো নির্দেশনায় আমরা কাজ করবো না।” তিনি আরও বলেন, “কেউ যদি মনে করেন ব্যালট বাক্স লুট করে নিয়ে যাবেন, কেন্দ্র দখল করে জিতে যাবো, তারা দিবাস্বপ্নে আছে।”

রোববার (১৫ জুন) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন সিইসি।

তিনি বলেন, “এখন নরমালি বিবেচনা করলে হবে না। এটা একটা বিশেষ পরিস্থিতি। বিশেষ পরিস্থিতি, বিশেষ ধরণের সরকার।” তিনি জানান, “শাসনতন্ত্র যেটা আছে, সেটা হলে তো সংসদ ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন হয়ে যেতো, তবে এখন বিশেষ ধরনের সরকার রয়েছে, এবং সরকার সংস্কারের বিষয়ে দলগুলোর মধ্যে আলোচনা করছে।” সিইসি আরও বলেন, “বিচার হচ্ছে, সেটা যেন ত্বরান্বিত করা যায়, সে আলোচনাও সরকার করছে।”

তিনি আরও বলেন, “আমরা কারো নির্দেশনায় কাজ করবো না, এটা একদম পরিস্কার। আমাদের কর্মকর্তাদের বলেছি, কোনো দলীয় স্বার্থে নয়, নিরপেক্ষভাবে কাজ করতে হবে।”

সিইসি বলেন, “যারা মনে করেন ব্যালট বাক্স লুট করে, কেন্দ্র দখল করে জিতে যাবেন, তারা দিবাস্বপ্ন দেখছেন। এবার এটা হতে দেবো না, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “সবাই সুন্দর নির্বাচন চায়, তাহলে আমাদের দ্বিধা দ্বন্দ্ব কেন? কিছু লোক আছেন যারা নির্বাচন আসলে ভোটারদের সরিয়ে দেবে, ভোট বাক্স লুট করবে, তবে এবার তারা সেই সুযোগ পাবে না।”

রোডম্যাপ কবে দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, “লন্ডনে যা আলোচনা হয়েছে, এর বাইরে আমার কোনো নলেজ নেই। সরকারের সঙ্গে আমাদের এখনো আলোচনা হয়নি। তবে আমাদের প্রস্তুতি নিয়ে ভাবছি, যখনই হয় যেন ভোট করতে পারি।”

তিনি বলেন, “আমরা ইয়ঙ্গার জেনারেশনকে ভোটাধিকারের সুযোগ দেওয়ার কথা ভাবছি। তফসিল ঘোষণার সময় ভোটার তালিকা রেডি থাকতে হবে। আইনে কিছু পরিবর্তন আনার কথা ভাবছি যাতে তরুণ প্রজন্মকে যুক্ত করা যায়।”

আগামী ২ জানুয়ারি যাদের ১৮ বছর হবে, তারা ভোট দিতে পারবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সর্বোচ্চ সংখ্যক তরুণদের সুযোগ দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা সীমানা নির্ধারণ নিয়ে সিরিয়াসলি কাজ করছি, এবং ভোটার তালিকা নিয়েও কাজ চলছে।” তিনি জানান, “দল নিবন্ধনের আবেদন ২২ জুন পর্যন্ত নেওয়া হবে।”

অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আমার বিশ্বাস দলগুলো দেশপ্রেমিক, তবে রাজনৈতিক কারণে অনেক কথা বলতে হয়। কর্মকর্তাদের বলেছি, রাজনৈতিক সচেতন থাকবেন, তবে রাজনীতি করবেন না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here