ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। রোববার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে হামলা চালায় ইসরায়েল।
এই পরিস্থিতির মধ্যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জরুরি বৈঠক আহ্বান করেছে। বৈঠকটি আগামীকাল সোমবার (১৬ জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থার সদরদপ্তরে শুরু হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় রাশিয়া এবং ভেনেজুয়েলা আনুষ্ঠানিকভাবে আইএইএ’র কাছে জরুরি বৈঠক আহ্বানের অনুরোধ করে।
ইরানের পাঁচটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হামলার লক্ষ্যবস্তু হয়েছে, যার মধ্যে তেহরানসহ দেশের বিভিন্ন অংশে থাকা স্থাপনাগুলি রয়েছে। ইসরায়েল এসব স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়ে যাচ্ছে।
ইরান দীর্ঘদিন ধরে বলছে যে, তার পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, তবে আন্তর্জাতিক মহল, বিশেষ করে আইএইএ, এর জন্য উদ্বিগ্ন।










