মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত একাধিক নিষেধাজ্ঞা তুলে নিতে নির্বাহী আদেশে সই করেছেন। সোমবার তিনি এই আদেশে স্বাক্ষর করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের আদেশ অনুযায়ী, সিরিয়ার উন্নয়ন, সরকার পরিচালনা এবং দেশ পুনর্গঠনে নিয়োজিত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
সিরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর আর্থিক নিষেধাজ্ঞার অধীনে ছিল, যা ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই কার্যকর করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা কর্মসূচির আওতায় সরকারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং আসাদ সরকারের সময় সিরিয়ার অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছিল।
মে মাসে মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন সিরিয়াকে সমর্থন করে, যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং শান্তিপূর্ণ হবে, যেখানে দেশটি নিজের এবং প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ সিরিয়া সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠবে না এবং সেখানে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, যা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির মূল ভিত্তি হবে।
মার্কিন প্রশাসন জানায়, বাশার আল-আসাদ, তার সহযোগী, আইএসআইএস, ইরান এবং ইরানের মিত্রদের বিরুদ্ধে সিরিয়া-সম্পর্কিত নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, তারা ইতোমধ্যে সিরিয়ার ৫১৮ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, তবে কিছু নিষেধাজ্ঞা এখনও বহাল থাকবে।










