জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশকে সহায়তা করতে ইউএনডিপি, ইউএন উইমেন এবং ইউনেস্কোর যৌথ উদ্যোগে শুরু হওয়া ‘ব্যালট প্রকল্পে’ অর্থায়নকারী প্রথম দেশ হিসেবে জাতিসংঘের সঙ্গে চুক্তি করেছে অস্ট্রেলিয়া।
বুধবার (১৮ জুন) বাংলাদেশ নির্বাচন কমিশনে এই চুক্তি স্বাক্ষর করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ইউনেস্কোর বাংলাদেশের প্রতিনিধি ড. সুযান ভাইজ এবং ইউএন উইমেনের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা।
ব্যালট প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানো, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তা করা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে নারী, যুব, সংখ্যালঘু, প্রতিবন্ধী, বয়স্ক এবং প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া নাগরিকদের জন্য নির্দিষ্ট ভোটার শিক্ষার কর্মসূচি পরিচালনা করা হবে।
এ প্রকল্পের মাধ্যমে শুধু ভোটার হিসেবেই নয়, বরং প্রার্থী, ভোটগ্রহণ কর্মকর্তা, পর্যবেক্ষক এবং দলীয় এজেন্ট হিসেবেও নারীর অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষভাবে কাজ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, ব্যালট প্রকল্প আমাদের নির্বাচনী ব্যবস্থা আরও মজবুত করতে, জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।
অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল জানান, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনকে সমর্থন করতে অস্ট্রেলিয়া জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্বে ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান করবে।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, এই চুক্তি বাংলাদেশের গণতন্ত্রকে সমর্থনের জাতিসংঘের প্রতিশ্রুতির প্রতিফলন। অস্ট্রেলিয়ার প্রথম আর্থিক সহযোগিতা একটি সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে জাতিসংঘের সঙ্গে অস্ট্রেলিয়ার এই ২ মিলিয়ন ডলারের অর্থায়ন সুষ্ঠু নির্বাচন ও টেকসই ব্যবস্থার বিকাশে সহায়ক হবে। এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান মজবুত করা, পরিষেবার মান উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় অস্ট্রেলিয়ার বড় উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ।










