Home এশিয়া পেসিফিক মাঝ আকাশে উড়োজাহাজে আগুন, সন্দেহ যাত্রীর পাওয়ার ব্যাংক নিয়ে

মাঝ আকাশে উড়োজাহাজে আগুন, সন্দেহ যাত্রীর পাওয়ার ব্যাংক নিয়ে

308
0

অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ‘ভিএ১৫২৮’ মাঝ আকাশে অগ্নিকাণ্ডের শিকার হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। সোমবার (২১ জুলাই) উড্ডয়নের পর অবতরণের কিছু সময় আগে উড়োজাহাজটির ওভারহেড লকার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত হয় যাত্রীদের লাগেজে থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে। তবে তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করেন। সংশ্লিষ্ট ব্যাগটি সরিয়ে নেওয়ার পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়।

শেষ পর্যন্ত ফ্লাইটটি নিরাপদে হোবার্ট বিমানবন্দরে অবতরণ করে এবং এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রীর ধোঁয়ার কারণে সামান্য শ্বাসকষ্ট হয়েছিল, তবে প্যারামেডিকরা পরীক্ষা করে নিশ্চিত করেন যে তিনি সুস্থ আছেন।

ভার্জিন অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, “আমরা যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এই পরিস্থিতিতে কেবিন ক্রুরা দ্রুত ও দক্ষতার সঙ্গে ব্যবস্থা নিয়েছেন, তাদের জন্য কৃতজ্ঞতা জানাই। বিমান অবতরণের পর জরুরি পরিষেবা দলও দ্রুত পদক্ষেপ নেয়।”

এদিকে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনা তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (ATSB) এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (CASA)। যদি পাওয়ার ব্যাংক থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকে, তাহলে বিমানে লিথিয়াম ব্যাটারিচালিত ডিভাইসের ব্যবহার ও নিরাপত্তা নীতিমালা পুনর্মূল্যায়নের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই ঘটনার পর বিমান যাত্রীদের ব্যাটারিচালিত যন্ত্রপাতি ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here