Home বাংলাদেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

190
0

চারদিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তার ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে তিনি জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সকাল ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

জাপান সফরে ড. ইউনূস টোকিওতে প্রায় ২০টি কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সফরের তৃতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (EPA) স্বাক্ষরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা দু’দেশের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

জাপানের পক্ষ থেকে বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেল খাত উন্নয়নে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। একই সঙ্গে আরও তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়: অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা সংক্রান্ত ৪১৮ মিলিয়ন ডলারের উন্নয়ন ঋণ, জয়দেবপুর–ঈশ্বরদী ডুয়েল-গেজ রেল প্রকল্পের জন্য ৬৪১ মিলিয়ন ডলারের ঋণ, এবং মানবসম্পদ উন্নয়নে ৪.২ মিলিয়ন ডলারের অনুদান।

এছাড়া, একটি বাংলাদেশ বিজনেস সেমিনারে বক্তৃতা দেন ড. ইউনূস, যেখানে ছয়টি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক (MoU) সই হয়।

সফরের আরেক গুরুত্বপূর্ণ অংশ ছিল বাংলাদেশের শ্রমশক্তি উন্নয়ন ও জাপানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য দুটি সমঝোতা স্মারকে সই। হিরাকাওচো চিয়োদায় আয়োজিত মানবসম্পদ সেমিনারে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। সেখানে জাপানি প্রতিনিধিরা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান।

এছাড়া, ড. ইউনূস ‘৩০তম নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’-তে মূল বক্তা হিসেবে অংশ নেন এবং মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসিয়ান সদস্যপদ পাওয়ার বিষয়ে সমর্থন কামনা করেন।

সফরের শেষ দিনে, জাপানের সোকা বিশ্ববিদ্যালয় তাকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

উল্লেখ্য, ২০০৪ সালে ড. ইউনূস নিক্কেই এশিয়া পুরস্কারে ভূষিত হন এবং চলতি বছরের ২৮ মে টোকিও সফরে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here