Home বাংলাদেশ মাইলস্টোনের শিক্ষিকা মাহরীনের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন

মাইলস্টোনের শিক্ষিকা মাহরীনের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা নিবেদন

360
0

মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের বিরল দৃষ্টান্ত স্থাপন করে প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বিমানবাহিনীর পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষ থেকে প্রতিনিধি দল মাহরীনের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তারা মাহরীনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষিকা মাহরীন চৌধুরী সোমবারের (২১ জুলাই) ভয়াবহ বিমান দুর্ঘটনার সময় জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে যান। আগুন ও ধোঁয়ার মধ্য দিয়ে অন্তত ২০ জন শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে আনতে গিয়ে তিনি নিজে গুরুতর দগ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাহরীনের এই আত্মত্যাগ দেশের শিক্ষকসমাজ এবং সাধারণ মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার সাহসিকতা শুধু একজন শিক্ষকের কর্তব্যবোধ নয়, বরং তা জাতির জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here