ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণঘাতী দুর্ঘটনায় বহু শিশু ও স্টাফ হতাহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। একই সঙ্গে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আত্মত্যাগকারী শিক্ষক মাহরিন চৌধুরীর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।
বুধবার (২৩ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগময় বার্তায় আনোয়ার ইব্রাহীম লিখেন, “ঢাকার একটি স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার খবরে আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছে শতাধিক। তাঁদের মধ্যে ছিলেন শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি ধোঁয়া ও আগুনের মধ্যে সাহসিকতার সঙ্গে তার শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যান। তার এই অসীম সাহস কোনো দিন ভোলা যাবে না।”
তিনি আরও জানান, এই দুঃসময়ে বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশে তিনি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখবেন। আনোয়ার ইব্রাহীম বলেন, “এই শোকের মুহূর্তে আমরা বাংলাদেশের ভাই-বোনদের পাশে আছি। প্রতিটি প্রাণহানি এবং বিধ্বস্ত প্রতিটি পরিবারের প্রতি আমাদের গভীর শোক ও সহানুভূতি রইল।”
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলে অভিভাবকদের হাতে শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়ার সময় হঠাৎ একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দগ্ধ শরীর নিয়েও শিক্ষক মাহরিন চৌধুরী অন্তত ২০ জন শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
এই মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত এবং প্রায় ১৭০ জন আহত হয়েছেন। শিক্ষক মাহরিনের সাহসিকতা কেবল বাংলাদেশের মানুষের হৃদয়ে নয়, আন্তর্জাতিক মহলেও গভীর শ্রদ্ধা ও প্রশংসা কুড়িয়েছে।










