হার্ট অ্যাটাকে মারা গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি এ কে এম বদরুদ্দোজা। ২৮ জুন নিউ জার্সির পেন উইলিয়াম মেডিসিন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৩৮ সালের ৯ নভেম্বর চট্টগ্রামের মিরেরসরাই জেলার মিঠাছরা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এ কে এম বদরুদ্দোজা তাদের মধ্যে অন্যতম।
তিনি বিমানের গন্তব্যস্থলগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার এবং সিঙ্গাপুরসহ অনেক দেশে অত্যন্ত দক্ষতার সাথে স্টেশন ম্যানেজারের দায়িত্ব পালন করেন, যার মাধ্যমে তিনি বিমানের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বজুড়ে উজ্জ্বল করেন।
তিনি নিজে একেবারে সাধারণ জীবন যাপন করলেও নিজের আয়, সময় ও শ্রম দিয়ে দেশে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন।
তাছাড়া, তিনি বাংলাদেশের সঙ্গীত জগতে বিরল প্রতিভার অধিকারী ছিলেন। বাংলাদেশ বেতার ও বিটিভির প্রথম শ্রেণীর সঙ্গীতশিল্পী, গীতিকবি এবং সুরকার হিসেবে পরিচিত ছিলেন। তার মঞ্চে গানের পরিবেশন ছিল অতুলনীয়, এবং তার গানে দর্শকরা উপভোগে মেতে উঠতেন। আধুনিক, নজরুল সংগীত, রবীন্দ্রসংগীত এবং লোকসংগীতে তার সমান দক্ষতা ছিল।
তার মৃত্যুতে বাংলাদেশ একজন প্রকৃত দেশপ্রেমিক এবং অসামান্য প্রতিভাশালী ব্যক্তিত্বকে হারালো। তিনি দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন, যারা তার অসম্পন্ন কাজগুলো শেষ করতে প্রতিজ্ঞাবদ্ধ।










