বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের ঋণ পরিশোধের সঠিক সময় এখন।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদমুক্ত পরিবেশের সুযোগটি কাজে লাগানো উচিত। আর একবার ভুল করা চলবে না। জনগণের সরাসরি ভোটে এবং জনগণের প্রতি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। এটি শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের সঠিক সময়।”
তিনি আরও বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের শেকল ভেঙে বাংলাদেশের মানুষ এখন মুক্ত। সেই গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য এখনই সবাইকে উদ্যোগী হতে হবে।”
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন। সভাপতিত্ব করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।










