Home বিশ্ব ‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, শুধু স্থগিত: পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

‘অপারেশন সিঁদুর’ শেষ হয়নি, শুধু স্থগিত: পাকিস্তানকে হুঁশিয়ারি মোদির

140
0

পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’ এখনো শেষ হয়নি—এটি আপাতত কেবলমাত্র স্থগিত রাখা হয়েছে। সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মোদি স্পষ্ট জানান, পাকিস্তান বিভ্রান্তিমূলক আচরণ করলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের ভেতরে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর পর এই ভাষণ দেন তিনি। ভাষণে মোদি বলেন, “ভারত এখন থেকে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা দেওয়া রাষ্ট্র ও সরাসরি হামলাকারীদের মধ্যে আর কোনো পার্থক্য করবে না।”

মোদি আরও বলেন, “পাকিস্তানের বোঝা উচিত, অভিযান শেষ হয়নি। কেবলমাত্র তাদের প্রতিশ্রুতি ও কার্যক্রম পর্যবেক্ষণ করে এটিকে স্থগিত রাখা হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।”

তিনি দাবি করেন, ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল এবং এতে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস হওয়ার পাশাপাশি ভেঙে পড়েছে পাকিস্তানের মনোবল।

প্রধানমন্ত্রী বলেন, “‘অপারেশন সিঁদুর’ কেবল একটি অভিযান নয়, বরং এটি ভারতের সন্ত্রাসবিরোধী নীতিতে একটি মৌলিক পরিবর্তনের সূচনা।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভারত পারমাণবিক ব্ল্যাকমেইলে ভয় পায় না। সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রদের এবার চূড়ান্ত পরিণতির মুখোমুখি হতে হবে।”

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর টানা চারদিন ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। সেই যুদ্ধবিরতির দুইদিন পরেই মোদির এই ভাষণ, যা ভবিষ্যৎ কূটনৈতিক কৌশলের দিকনির্দেশনা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here