ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি রাজধানীর ডিওএইচএস বারিধারায় অবস্থিত বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করায় ভারতীয় কিছু গণমাধ্যমের অপপ্রচার ও প্রোপাগান্ডা মোকাবিলা করা সম্ভব হয়েছে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “জাতীয় নির্বাচনেও যদি গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, তাহলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে।” তিনি এবারের নির্বাচনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা রাখার প্রতি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনের সার্বিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, “দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।” তিনি আরও বলেন, “এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন হবে।”
পরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।










