বাংলা নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক হৃদয়স্পর্শী শুভেচ্ছা বার্তায় বৈশাখ উদযাপনকারী সকলকে “শুভ নববর্ষ” জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত বার্তায় তিনি বলেন, “এটি একটি উদযাপনের দিন—যখন পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলনমেলা হয়, শুভেচ্ছা ও উপহার বিনিময় হয়।” তিনি এই দিনটিকে ভবিষ্যতের প্রতি আশাবাদ এবং সমৃদ্ধি কামনার দিন হিসেবেও বর্ণনা করেন।
বার্তায় তিনি আরও উল্লেখ করেন, “বৈশাখের প্রিয় ঐতিহ্যগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে বাঙালিদের একত্রিত করেছে, আনন্দ ও নবায়নের এক উজ্জ্বল সংস্কৃতি গড়ে তুলেছে।” তিনি বাঙালি সম্প্রদায়ের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, “বাঙালি কমিউনিটি আমাদের জাতির বৈচিত্র্যময় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।”
অ্যান্থনি আলবানিজ তাঁর বার্তায় পরিবার, বন্ধুত্ব এবং সম্প্রদায়ের বন্ধনের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতের জন্য আশাবাদের কথাও বলেন।
তিনি বার্তা শেষ করেন এই বলে, “বৈশাখে আমি আপনাদের সঙ্গে একাত্ম হয়ে এই বন্ধনগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি, যা আমাদের টিকে থাকতে সহায়তা করে এবং ভবিষ্যতের প্রতি আশা জাগায়।”










