চট্টগ্রামে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৯, যার উৎস ছিল মিয়ানমারের ফালাম শহর থেকে ৮১ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০৬.৮ কিলোমিটার গভীরে।
এর আগে গত ২১ থেকে ২৭ নভেম্বরের মধ্যে দেশজুড়ে পাঁচবার ভূমিকম্প হয়েছে।
বিশেষ করে ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে। এতে বহু ভবনে ফাটল ধরে এবং ১০ জনের প্রাণহানি ঘটে। দেশব্যাপী ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়।
পরদিন, ২২ নভেম্বর, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও তিনটি হালকা ভূমিকম্প হয়।
প্রথমটি সকাল ১০টা ৩৬ মিনিটে, মাত্রা ৩.৩, কেন্দ্র নরসিংদীর পলাশ।
একই দিন সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এক সেকেন্ড ব্যবধানে আরও দুটি কম্পন হয়। প্রথমটির মাত্রা ছিল ৩.৭ (উৎপত্তিস্থল: বাড্ডা), দ্বিতীয়টির মাত্রা ছিল ৪.৩ (উৎপত্তিস্থল: নরসিংদী)।
সর্বশেষ ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে একটি ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর ঘোড়াশাল। এই তথ্য জানিয়েছে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) এবং আবহাওয়া অধিদপ্তর।










