Home বিশ্ব ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে বাড়তি সতর্কতার আহ্বান যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারে বাড়তি সতর্কতার আহ্বান যুক্তরাষ্ট্রের

168
0

দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহারকারী বেসামরিক বিমানগুলোর জন্য নতুন সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই নির্দেশনা প্রকাশ করে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সতর্কবার্তায় এফএএ উল্লেখ করে, ‘নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং ভেনেজুয়েলার আশপাশে বা ভেতরে বাড়তি সামরিক কার্যকলাপের’ কারণে বিমান সংস্থাগুলোকে আরও বেশি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।

এর আগেও গত মাসে একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।

তবে সম্প্রতি জেটব্লু এয়ারলাইন্সের এক পাইলট জানান, ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় তার বিমানটি মার্কিন বিমান বাহিনীর একটি রিফুয়েলিং বিমানের সঙ্গে প্রায় সংঘর্ষের মুখে পড়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই নতুন করে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সরকারের ধারাবাহিক সতর্কবার্তার ফলে ভেনেজুয়েলার বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক এয়ারলাইনস আঞ্চলিক রুটে দেশটির আকাশসীমা পুরোপুরি এড়িয়ে চলছে। এ অবস্থায় পানামার বিমান সংস্থা কোপা মঙ্গলবার ঘোষণা দিয়েছে, কারাকাসে আসা-যাওয়ার ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ক্যারিবীয় সাগরে বিপুলসংখ্যক যুদ্ধজাহাজ মোতায়েন এবং দেশটির উপকূলজুড়ে সামরিক বিমান টহল জোরদার করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে কথিত ‘কার্টেল অব দ্য সানস’ নামের একটি সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দেওয়ার অভিযোগ তোলে। একই সঙ্গে তার অবস্থান সম্পর্কে তথ্য দিলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণাও দেয়া হয়।

এছাড়া ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় কথিত মাদক পাচারকারী নৌযান লক্ষ্য করে মার্কিন বাহিনী ধারাবাহিক অভিযান চালিয়েছে। কয়েক মাসব্যাপী এসব অভিযানে অন্তত ৯৫ জন নিহত হয়েছে, যা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here