মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা বাড়তে থাকায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী দিয়ে চলাচল কমিয়ে দিচ্ছে অনেক তেলবাহী জাহাজ। সম্ভাব্য মার্কিন নৌ অবরোধের আশঙ্কা এবং সামরিক সংঘাতের ঝুঁকির কারণে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বিকল্প রুট খুঁজতে শুরু করেছে।
বিশ্লেষকদের মতে, এই অনিশ্চয়তার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক বাণিজ্য বড় ধরনের চাপের মুখে পড়তে পারে। ইতিমধ্যে কিছু সুপারট্যাংকার প্রণালীতে প্রবেশ না করে পথ পরিবর্তন করেছে, আবার অনেক জাহাজ উপসাগরের বাইরে অপেক্ষা করছে পরিস্থিতি পরিষ্কার হওয়ার জন্য।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যেখানে দিয়ে প্রতিদিন বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় ২০ শতাংশ চলাচল করে। ফলে এই রুটে যেকোনো ধরনের সংঘাত বা অবরোধ বৈশ্বিক তেল বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং জ্বালানি মূল্য অস্থির করে তুলতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি উত্তেজনা আরও বাড়ে এবং জাহাজ চলাচল দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়, তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, পরিবহন খরচ এবং বিশ্ব অর্থনীতিতে এর বড় প্রভাব পড়তে পারে।










