শ্রীলঙ্কার পার্বত্য এলাকা কোটমালেতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই বৌদ্ধ তীর্থযাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার (১১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাসটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় শহর কাতারাগামা থেকে মধ্যাঞ্চলীয় কুরুনেগালার উদ্দেশ্যে যাত্রা করছিল। পার্বত্য অঞ্চল কোটমালের একটি পাহাড়ি সড়কে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
স্থানীয় পুলিশ জানায়, বাসটিতে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। বাসটির আসন সংখ্যা ৫০ হলেও দুর্ঘটনার সময় প্রায় ৭০ জন যাত্রী ছিলেন।
আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।










