Home এশিয়া পেসিফিক সিডনির হামলাকারী বাবা–ছেলের ফিলিপাইন সফর: তদন্তে নেমেছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন

সিডনির হামলাকারী বাবা–ছেলের ফিলিপাইন সফর: তদন্তে নেমেছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন

152
0

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে বন্দুক হামলার সঙ্গে জড়িত সাজিদ আকরাম ও তাঁর ছেলে নাভিদ আকরাম গত মাসে ফিলিপাইন সফরে গিয়েছিলেন—এমন তথ্য প্রকাশ পেয়েছে। ফিলিপাইনের অভিবাসন দপ্তরের বরাতে বিবিসি জানায়, তাঁরা ১ নভেম্বর দেশটিতে প্রবেশ করেন এবং ২৮ নভেম্বর ফিলিপাইন ত্যাগ করেন।

ফিলিপাইন কর্তৃপক্ষ জানায়, ৫০ বছর বয়সী সাজিদ ভারতীয় পাসপোর্টে এবং ২৪ বছর বয়সী নাভিদ অস্ট্রেলীয় পাসপোর্টে ভ্রমণ করেন। তাঁরা দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়েই গিয়েছিলেন বলে অভিবাসন কর্মকর্তাদের জানান। সেখান থেকেই তাঁরা সিডনিগামী ফ্লাইটে ওঠেন।

দাভাও শহর ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে অবস্থিত—এক অঞ্চল যেখানে অতীতে ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর উপস্থিতি ছিল এবং এখনও কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে। দাভাও এবং এর আশপাশের এলাকায় ইসলামী উগ্রবাদী সংগঠনগুলোর কর্মকাণ্ড নিয়ে আগেও আন্তর্জাতিক নিরাপত্তা মহলে উদ্বেগ দেখা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, সাজিদ ও নাভিদ তাঁদের ফিলিপাইন সফরে ‘সামরিক কৌশলের প্রশিক্ষণ’ নিয়েছিলেন। তবে ফিলিপাইন সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে এই দাবি নিশ্চিত করেনি।

অস্ট্রেলিয়ার পুলিশ নিশ্চিত করেছে, নভেম্বরে হামলাকারী বাবা–ছেলের ফিলিপাইন সফরের বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা এর পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছে। ফিলিপাইন পুলিশও এ নিয়ে তদন্ত শুরু করেছে।

রয়টার্স-এর বরাতে জানা গেছে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস)-সম্পর্কিত বিভিন্ন সেল এখনো সক্রিয় রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে আইএসের প্রভাব অনেকটাই হ্রাস পেয়েছে, তারপরও দক্ষিণ মিন্দানাও এলাকায় তারা ছোট ছোট গোষ্ঠী হিসেবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অনুমান করা হয়।

এই প্রেক্ষাপটে সাজিদ ও নাভিদের ফিলিপাইন সফরকে কেন্দ্র করে তাদের আইএস-যোগসূত্র বা সম্ভাব্য উগ্রপন্থী সংযোগ খুঁজে দেখছে তদন্তকারী সংস্থাগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here