Home এশিয়া পেসিফিক সিডনির বন্দুক হামলা: নাভিদ আকরামের বিরুদ্ধে ১৫ খুনসহ ৫৯টি অভিযোগ দায়ের

সিডনির বন্দুক হামলা: নাভিদ আকরামের বিরুদ্ধে ১৫ খুনসহ ৫৯টি অভিযোগ দায়ের

159
0

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে হামলার ঘটনায় সন্দেহভাজন নাভিদ আকরামের বিরুদ্ধে ১৫টি হত্যাকাণ্ডসহ মোট ৫৯টি অভিযোগ গঠন করা হয়েছে। গত রোববার ২৪ বছর বয়সী নাভিদ ও তাঁর বাবা, ৫০ বছর বয়সী সাজিদ আকরাম, ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কার প্রথম দিনে বন্ডাই সৈকতে উপস্থিত মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালান, যেখানে এক হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। এতে প্রাণ হারান অন্তত ১৫ জন।

হামলার সময় এক পথচারী, আহমেদ আল আহমেদ, সাহসিকতার সঙ্গে সাজিদকে থামিয়ে দেন, ফলে আরও অনেক মানুষের প্রাণ রক্ষা হয়। হামলার সময় পুলিশের গুলিতে সাজিদ নিহত হন এবং নাভিদ গুরুতর আহত হয়ে কোমায় চলে যান। পরে মঙ্গলবার তাঁর জ্ঞান ফেরে।

নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। আজ বুধবার নাভিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ রয়েছে—নাভিদের বিরুদ্ধে খুন, হত্যাচেষ্টা, সন্ত্রাসী কার্যক্রম, নিষিদ্ধ সংগঠনের প্রতীক প্রদর্শন, এবং বিস্ফোরক বহনের মতো ৫৯টি অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নাভিদ ইসলামিক স্টেট (আইএস)-এর দ্বারা অনুপ্রাণিত ছিলেন। হামলায় ব্যবহৃত গাড়ি থেকে আইএসের পতাকা ও দাহ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

আজকের সংক্ষিপ্ত শুনানিতে অংশ নিলেও জামিন চাননি নাভিদ। আদালত তাঁকে পরবর্তী শুনানির (এপ্রিল ২০২৬) আগপর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইলেও নাভিদ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here