ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় টানা তৃতীয় দিনের মতো চলমান উদ্ধার অভিযান চলছে। প্রবল বৃষ্টিপাত ও একাধিক ক্লাউডবার্স্টের ফলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার শিকার হয়েছে রাজ্যটি।
এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অন্তত ৩৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির ফলে মান্ডি জেলার বিভিন্ন গ্রাম ও শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪টি সেতু, ১৪৮টি বসতবাড়ি এবং বহু দোকান ভেসে গেছে। এছাড়া, বহু যানবাহন নদীতে ভেসে যাওয়ার পাশাপাশি রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।
এখন পর্যন্ত ৩৩০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে এবং মান্ডি জেলায় অন্তত পাঁচটি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে ১৫৭ জনকে আশ্রয় দেওয়া হয়েছে। নিখোঁজদের খোঁজে অভিযান চলছে।
বুধবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুক্খু মান্ডির সায়াথি গ্রাম পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ত্রাণ ও পুনর্বাসন কাজ পর্যালোচনা করেন।
আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে যে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের কাংড়া, মান্ডি, সিমলা, সোলান, সিরমৌর এবং হামিরপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে আরো আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
স্থানীয় প্রশাসন নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং পর্যটকদের উঁচু পাহাড়ি ও নদী তীরবর্তী এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।










