Home জীবনযাপন Entertainment চিকিৎসকের তত্ত্বাবধানে নুসরাত ফারিয়া, সব যোগাযোগ বন্ধ

চিকিৎসকের তত্ত্বাবধানে নুসরাত ফারিয়া, সব যোগাযোগ বন্ধ

100
0

গত ১৮ মে রোববার সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরদিন তাকে আদালতে হাজির করার পর পাঠানো হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে।

তবে ২০ মে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। কারাগার থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বললেও তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে ইনস্টাগ্রামেও নিজের অনুভূতি জানান। এরপর থেকেই তিনি ছিলেন নীরব।

২৩ মে শুক্রবার ফেসবুকে একটি পোস্টে ফারিয়া জানান, তিনি বর্তমানে গুরুতর অসুস্থ এবং চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। চিকিৎসার অংশ হিসেবে তিনি কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন।

তার ভাষায়, “আমি জানি, অনেকেই আমার খোঁজ নিচ্ছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে ছুঁয়ে গেছে। কিন্তু দুঃখজনকভাবে জানাতে হচ্ছে, আমি শারীরিকভাবে খুব অসুস্থ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার প্রয়োজনেই এখন ফোন ব্যবহার এবং যোগাযোগ সীমিত রাখা হয়েছে।”

তিনি আরও লেখেন, “এই অবস্থায় কারও সঙ্গে কথা না বলতে পারার জন্য দুঃখিত। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরব।”

গত কয়েকদিনের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিয়া বলেন, “এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে। সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা।”

সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনাদের মানবিকতা ও ইতিবাচক সহযোগিতা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজেকে সামলে উঠতে পারতাম না।”

সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “এই ভালোবাসা আমি কখনও ভুলব না। খুব শিগগিরই আবার দেখা হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকার ভাটারা এলাকায় এনামুল হক নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। চলতি বছরের ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর দুই সপ্তাহের মাথায় গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here