Home জীবনযাপন Entertainment তুরস্কে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট’

তুরস্কে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট’

112
0

তুরস্কের আন্তর্জাতিক শিক্ষার্থী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ISSFF 2025-এ বাংলাদেশের হয়ে নির্বাচিত হয়েছে নির্মাতা শারীফ অনির্বাণ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইনভেস্টমেন্ট’

বিশ্বজুড়ে জমা পড়া প্রায় ৪৫০টি চলচ্চিত্রের মধ্য থেকে চূড়ান্তভাবে মনোনীত ২৯টি চলচ্চিত্রের একটি হিসেবে এটি প্রদর্শিত হবে। আগামী ৩০ ও ৩১ মে ইস্তানবুলে অনুষ্ঠিতব্য এই উৎসবে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকছে ‘ইনভেস্টমেন্ট’।

নির্মাতা জানান, দিনমজুর বাবার আত্মত্যাগের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি, যার কেন্দ্রবিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানের ভবিষ্যৎ গঠনের সংগ্রাম।

এবারের উৎসবে বিশ্বের নানা দেশের তরুণ নির্মাতাদের ছবির মধ্যে নর্থ মেসিডোনিয়া, স্পেন, জার্মানি, মিশর, সিরিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান, ইরান ও তুরস্ক-এর শিক্ষার্থীদের চলচ্চিত্রের সঙ্গে প্রদর্শিত হবে বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট’।

এর আগেও ছবিটি মিশরের এএম ইজিপ্ট ফিল্ম ফেস্টিভ্যালে (২০১৭) এবং সিলেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ৫৫ হাজার চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত হয়ে এটি দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

নির্মাতা শারীফ অনির্বাণ বলেন, “এই উৎসবের মূল লক্ষ্য হচ্ছে তরুণ নির্মাতাদের সৃজনশীল কাজকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে একটি সংযোগ স্থাপন করা।” তিনি মনে করেন, ‘ইনভেস্টমেন্ট’ সমাজের অর্থনৈতিক বাস্তবতা, পারিবারিক চাপ এবং তরুণদের মানসিক টানাপড়েন নিয়ে ভাবনার খোরাক জোগায়।

চলচ্চিত্রকে তিনি কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখেন না—বরং সচেতনতা এবং ইতিবাচক পরিবর্তনের শক্তিশালী একটি হাতিয়ার বলেই মনে করেন।

নির্মাতা হিসেবে এর আগে তিনি ‘কসমোপলিটন’, ‘সোনার বাংলা’, ‘ড্রিম ড্রাইভার’, ‘অল্টারনেটিভ’, ‘নীলা উপাখ্যান’সহ বিভিন্ন প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, যেগুলো আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষক শারীফ অনির্বাণ এখন তুরস্ক সরকারের প্রেসিডেনসিয়াল স্কলারশিপে ইজমিরের ডোকুজ এয়লুল বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষায় চলচ্চিত্রের প্রভাব: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।

তিনি বিশ্বাস করেন, তরুণ নির্মাতাদের যথাযথ পৃষ্ঠপোষকতা দেওয়া হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আরও শক্তিশালীভাবে নিজের অবস্থান তৈরি করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here