তারকাখ্যাত অভিনেতা ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণার রাতেই দুর্ঘটনার শিকার হন এক তরুণী, রাশা। কেউ কেউ সন্দেহ করছে—এটা আত্মহত্যার চেষ্টা ছিল! কারণ, ইমতিয়াজের সঙ্গে রাশার অতীতের কোনো গোপন সম্পর্ক ছিল বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে বিনোদন সাংবাদিক নাদিয়া নিজেই জড়িয়ে পড়েন রহস্যের জালে। তাকে হুমকি দেওয়া হয় হত্যা করার। ধীরে ধীরে স্পষ্ট হয়, ঘটনা আসলে যতটা দেখা যাচ্ছে, বাস্তবতা তার চেয়েও গভীর এবং জটিল। চারপাশের মানুষ যেন একেকজন মুখোশধারী, যারা লুকোচুরি খেলছে সত্যের সঙ্গে। একদিকে রাশা মৃত্যুর কাছাকাছি গিয়েও ফিরে আসে, অন্যদিকে নাদিয়া দাঁড়িয়ে যায় মৃত্যুর দোরগোড়ায়। শেষ পর্যন্ত তারা কোনটি বেছে নেবে—জীবন, না মৃত্যু?
এই থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’, যা লিখেছেন ও চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
পরিচালক জানান, এই থ্রিলার গল্পে এমন একটি বিষয় তুলে ধরা হয়েছে, যা সমাজে প্রায়ই ঘটে থাকলেও সাধারণত তা আড়ালেই থেকে যায়। তবে এই প্রকল্পের মাধ্যমে সেই নীরবতা ভাঙার প্রয়াস নেওয়া হয়েছে।
ওয়েব ফিল্মটির মূল চরিত্রে রয়েছেন তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, জিয়াউল রোশান ও চমক। আরও আছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকেই। ঈদ আয়োজনে এটি মুক্তি পাচ্ছে দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে।










