Home খেলা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’: শিরোপা উৎসবে মোহামেডান

‘উই আর দ্য চ্যাম্পিয়ন’: শিরোপা উৎসবে মোহামেডান

168
0

কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ছিল এক উৎসবমুখর দিন। পেশাদার ফুটবল লিগের প্রথম শিরোপা জয়ের পর নিজেদের ঘরের মাঠে জমকালো উদ্‌যাপন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করা সাদা-কালো শিবির আজ ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেও উদযাপন করেছে চ্যাম্পিয়ন হওয়াকে। খেলা শেষে বিশেষ হলুদ জার্সিতে ফুটবলার ও কোচরা মাঠে নামেন, যেখানে লেখা ছিল “We are the Champion” এবং মোহামেডানের পূর্ববর্তী শিরোপা জয়ের সালগুলো।

ম্যাচ শুরুর আগে ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়রা মোহামেডানকে গার্ড অব অনার প্রদান করেন। ম্যাচের প্রথম গোল করেন ব্রাদার্সের বিকায়ে দিয়ারা, পরে মোহামেডানের মেহেদি হাসান মিঠু হেডে সমতা ফেরান। এরপর সুলেমান দিয়াবাতে দুটি গোল করে মোহামেডানকে এগিয়ে নেন। তবে ব্রাদার্স শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এমফন উদোহ ও জুয়েল রানার গোলে ম্যাচটি ড্র করে নেয়।

এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বিদায় নেন। ম্যাচের ৪৩ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি। বিরতিতে তাকে বিদায়ী ক্রেস্ট তুলে দেওয়া হয়।

দিনের অন্য ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুল ২-১ গোলে হারিয়ে দেয় ঢাকা ওয়ান্ডারার্সকে, যার ফলে ওয়ান্ডারার্সের অবনমন নিশ্চিত হয়।

শিরোপা উৎসব শেষে রাতে মতিঝিলে ক্লাব প্রাঙ্গণে সমর্থকদের সঙ্গে আরেক দফা উদযাপনের জন্য প্রস্তুত মোহামেডান পরিবার। দীর্ঘ অপেক্ষার পর এমন সাফল্য স্মরণীয় হয়ে থাকল সাদা-কালো সমর্থকদের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here