Home খেলা ক্লাব বিশ্বকাপে যুদ্ধের কারণে ইরানে আটকে পড়লেন ইন্টারের ‘গোপন অস্ত্র’

ক্লাব বিশ্বকাপে যুদ্ধের কারণে ইরানে আটকে পড়লেন ইন্টারের ‘গোপন অস্ত্র’

128
0

ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে ক্লাব বিশ্বকাপে বড় সমস্যায় পড়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। জাতীয় দলের ম্যাচ খেলতে গিয়ে ইরানে আটকে পড়েছেন ইন্টার ফরোয়ার্ড মেহদি তারেমি।

এখন, রিভার প্লেটের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। ৩২ বছর বয়সী এই ইরানি স্ট্রাইকার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নিজের দেশে যান, যদিও ইরান আগেই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। তবে তিনি দলীয় দায়িত্ব পালনের জন্য উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ করে যুদ্ধ শুরু হলে বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যায়, ফলে লস অ্যাঞ্জেলেসে ইন্টার মিলানের ক্যাম্পে যোগ দেওয়ার পরিকল্পনা ভেস্তে যায়।

এই পরিস্থিতিতে ইন্টার ক্লাব কর্তৃপক্ষ নিয়মিতভাবে তারেমির সঙ্গে যোগাযোগ রাখছে। ইতালির শীর্ষ ক্রীড়া গণমাধ্যম গাজ্জেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, ক্লাব যত দ্রুত সম্ভব সমাধানে পৌঁছানোর চেষ্টা করছে, তবে যুদ্ধ অব্যাহত থাকায় আকাশপথ খোলার সম্ভাবনা ক্ষীণ। তাই ক্লাব বিশ্বকাপে তারেমির অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে।

তারেমির অনুপস্থিতি শুধুমাত্র মানবিক সংকট নয়, ইন্টারের কোচিং পরিকল্পনাতেও বড় ধাক্কা। লাওতারো মার্টিনেজ এবং মার্কুস থুরাম ইন্টারের প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্য হলেও, তারেমি তাদের বিকল্প হিসেবে খেলতেন। এখন সেই বিকল্প না থাকায়, একাদশের ভারসাম্য নিয়ে চিন্তা করছেন ইন্টারের নতুন কোচ ক্রিস্তিয়ান চিভু।

কে এই মেহদি তারেমি?
মেহদি তারেমি পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ইরানজাভান এফসি-তে, এরপর শাহিন বুশেহর ও পারসেপলিস হয়ে ২০১৯ সালে ইউরোপে পর্তুগালের ক্লাব রিও আভে-তে পা রাখেন। সেখানে মাত্র ৩৭ ম্যাচে ২১ গোল করে তাক লাগান। পরবর্তীতে পোর্তো ক্লাব তাকে দলে নেয়।

পোর্তোতে কাটানো তার ক্যারিয়ারের সেরা সময়। ১৮২ ম্যাচে ৯১ গোল ও ৫৬ অ্যাসিস্ট করেন, পাশাপাশি ৫টি বড় শিরোপাও জেতেন।

২০২৪-২৫ মৌসুমের শুরুতে তিনি যোগ দেন ইন্টার মিলানে, তবে এখন পর্যন্ত ৪৩ ম্যাচে তার গোলসংখ্যা মাত্র ৩টি, যা নিয়ে গ্রীষ্মকালীন দলবদলে তাকে ছাড়ার গুঞ্জন ওঠে।

জাতীয় দলের জন্যও তার সাফল্য কম নয়। ২০১৫ সালে কার্লোস কুইরোজের অধীনে জাতীয় দলে অভিষেকের পর, তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন। ৯৩ ম্যাচে ৫৩ গোল করেছেন এবং ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here