Home খেলা ম্যানইউকে হারিয়ে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড অ্যাস্টন ভিলার

ম্যানইউকে হারিয়ে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড অ্যাস্টন ভিলার

158
0

গোলের সুযোগ নষ্ট আর ব্যর্থতার রাত কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড গড়ল অ্যাস্টন ভিলা। রোববার ঘরের মাঠে ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে এই কীর্তি গড়ে উনাই এমেরির দল।

ম্যাচে ভিলার হয়ে দুটি গোল করেন মর্গ্যান রজার্স। ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি আসে মাথেউস কুইয়ার পা থেকে, তবে তিনি একাধিক সহজ সুযোগ নষ্ট করায় ম্যাচ শেষে হতাশাই সঙ্গী হয় তার।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচ জিতল ভিলা, যারা মৌসুমের শুরুতে বাজে ফর্মে থাকলেও এখন ঘুরে দাঁড়িয়ে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে।

প্রথম থেকেই দারুণ উত্তেজনাপূর্ণ ছিল ম্যাচটি। সপ্তম মিনিটে ইউনাইটেড গোলরক্ষক সেন লামেন্স টানা দুটি সেভ করে ভিলাকে গোলবঞ্চিত করেন। পরের মিনিটে রজার্সের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর দুই দলই গোলের চেষ্টা চালিয়ে যায়।

৪৫তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশে রজার্স ভিলাকে এগিয়ে দেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে রক্ষণভাগের ভুলে ইউনাইটেড ম্যাচে সমতা ফেরায়, কুইয়া গোল করে স্কোরলাইন করে ১-১।

দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে আবারও আলো ছড়ান রজার্স। প্রায় প্রথম গোলের মতোই এক শটে আবার এগিয়ে দেন ভিলাকে। এরপর ইউনাইটেড গোল পরিশোধের বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। কুইয়া পাঁচ গজ দূর থেকে হেড মিস করেন, শেষ মুহূর্তে ম্যাসন মাউন্টের ফ্রি কিক যায় লক্ষ্যের বাইরে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভিলা। ইউনাইটেডের এটি শেষ ছয় ম্যাচে দ্বিতীয় হার।

এই জয়ে অ্যাস্টন ভিলা ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি, আর শীর্ষে রয়েছে আর্সেনাল। ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

উল্লেখ্য, আফ্রিকা কাপ অব নেশন্স, ইনজুরি এবং নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে ছাড়া খেলতে নামায় ইউনাইটেডকে ভুগতে হয়েছে এই ম্যাচে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here