ফুটবল বিশ্বের প্রতীক্ষিত এক মহাদ্বৈরথ অবশেষে নিশ্চিত হলো—২০২৬ বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনালিসিমা, যেখানে মুখোমুখি হবে বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো জয়ী স্পেন।
ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চের তৃতীয় সপ্তাহে (১৭-২৫ মার্চের মধ্যে)। দুই দেশের ফুটবল ফেডারেশন—আর্জেন্টিনার ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও স্পেনের রাফায়েল লোজান—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন মে মাসে প্যারাগুয়ের আসুনসিওনে অনুষ্ঠিত ৭৫তম ফিফা কংগ্রেসে।
ভেন্যু এখনও অনিশ্চিত
শুরুর দিকে ম্যাচটি যুক্তরাষ্ট্রে আয়োজনের কথা থাকলেও বর্তমানে কাতার ও সৌদি আরবও আগ্রহ প্রকাশ করেছে, ফলে ম্যাচটি এশিয়াতেই হওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে।
শর্ত সাপেক্ষে আয়োজন
ফিনালিসিমা আয়োজনের একমাত্র শর্ত—স্পেনকে অবশ্যই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। যদি তারা প্লে-অফে পড়ে, তাহলে মার্চে তাদের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় ফিনালিসিমা বাতিল হতে পারে। কারণ, তখন আর অতিরিক্ত প্রস্তুতি ম্যাচ আয়োজনের সুযোগ থাকবে না।
২০২২ সালের ফিনালিসিমার পুনরাবৃত্তি
শেষবার ২০২২ সালে ওয়েম্বলিতে অনুষ্ঠিত ফিনালিসিমায় আর্জেন্টিনা ৩-০ গোলে ইতালিকে হারিয়েছিল। সেই ম্যাচে গোল করেছিলেন আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস ও পাওলো দিবালা।
দুই প্রজন্মের মহাতারকার লড়াই
এবারের ম্যাচে মূল আকর্ষণ হতে যাচ্ছে দুই প্রজন্মের দুই কিংবদন্তি—লিওনেল মেসি বনাম লামিন ইয়ামাল। এটি হতে পারে আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। একদিকে ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা মেসি, অন্যদিকে ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল তরুণ ইয়ামাল—ফুটবল বিশ্ব জোড়া আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এই ঐতিহাসিক দ্বৈরথের জন্য।
এই ম্যাচ শুধুই একটি শিরোপার লড়াই নয়, বরং দুই মহাদেশের ফুটবল সংস্কৃতির, ইতিহাসের এবং ভবিষ্যতের এক প্রতীকী সংঘর্ষ বলেও মনে করছেন বিশ্লেষকরা।










