আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজ এলাকার ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা অনুযায়ী সাধারণ ভোটারসহ সাংবাদিকরাও কেন্দ্রের আশপাশে মোবাইল ফোন বহন করতে পারবেন না। ইসির এমন সিদ্ধান্তকে ঘিরে সারাদেশেই সমালোচনার ঢেউ উঠেছে।
এই প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছেন ঢাকা–১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ইসির এই নির্দেশনাকে অযৌক্তিক ও প্রশ্নবিদ্ধ উল্লেখ করে বলেছেন, মোবাইল নিষিদ্ধের নিয়ম তাৎক্ষণিকভাবে পরিবর্তন না হলে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দল আয়োজিত নির্বাচনী জনসভায় নাহিদ ইসলাম বলেন,
“ইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ এলাকায় মোবাইল নেওয়া যাবে না। নির্বাচন কমিশন এই বিধিনিষেধ কোন যুক্তিতে দিল, জনগণ তা জানতে চায়। তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে, কোনো বিশেষ পরিকল্পনা অনুযায়ী তারা নির্বাচন পরিচালনা করতে চাইছে।”
তিনি আরও যোগ করেন,
“আজ সন্ধ্যার মধ্যে এই অযৌক্তিক বিধি বাতিল করতে হবে। অন্যথায় আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”
নাহিদ ইসলামের মতে, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করা মানে স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে বাধা সৃষ্টি করা। এতে ভোটকেন্দ্রের পরিস্থিতি মানুষের নজরদারির বাইরে চলে যাবে বলেও তিনি মন্তব্য করেন।










