Home রাজনীতি আদালতে ক্ষোভ ঝাড়লেন লতিফ সিদ্দিকী

আদালতে ক্ষোভ ঝাড়লেন লতিফ সিদ্দিকী

30
0

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে দেশের বিচারব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আবদুল লতিফ সিদ্দিকী। তিনি আদালতে দাঁড়িয়ে বলেন, “যেখানে সুবিচার নেই, সেখানে বিচার চাই না।”

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তিনি। আদালত সেই আবেদন মঞ্জুর করলেও পরে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, ছয় মাস ধরে আদালতে ঘুরছেন এবং বিচারব্যবস্থার ওপর তাঁর আস্থা কমে গেছে। তিনি এমনও বলেন যে, তিনি আর বিচার চাইতে আদালতে আসতে চান না।

এ সময় বিচারকের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে লতিফ সিদ্দিকী তাঁর আবেদন প্রত্যাহারের কথাও জানান। পরে আবার আদালত অবমাননাকর কিছু বলে থাকলে ক্ষমা চেয়ে নেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনেও দেশের রাজনৈতিক ও বিচার পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

লতিফ সিদ্দিকী বলেন, দেশে একের পর এক রাজনৈতিক নেতা ক্ষমতায় এলেও সাধারণ মানুষের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি। তিনি নিজের রাজনৈতিক জীবনের কথাও তুলে ধরেন। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথাও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হলে কয়েক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। তবে মামলাটি এখনো চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here