Home রাজনীতি শরীয়তপুরে কৃষকের ধান কাটলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা

শরীয়তপুরে কৃষকের ধান কাটলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা

27
0

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর তীরবর্তী কুন্ডেরচর এলাকায় এক কৃষকের পাকা ধান কেটে দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ১০ থেকে ১২ জন তরুণ জাতীয় পতাকা, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পরে তারা মাঠে নেমে কৃষকের ধান কেটে নছিমন গাড়িতে তুলে দেন। স্থানীয় এক কৃষককেও ভিডিওতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাতে শোনা যায়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শরীয়তপুরের ছাত্রলীগ নেতারা অনেকটা আত্মগোপনে ছিলেন। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর প্রকাশ্যে তাদের তৎপরতা খুব কম দেখা গেলেও মাঝেমধ্যে ঝটিকা মিছিল বা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার খবর পাওয়া গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশ দেখেছে এবং ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের এক নেতা দাবি করেন, বিভিন্ন চাপ ও মামলার কারণে তারা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছেন না। তাই তারা সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here