শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট দিয়েই তিনি বিদায় নেবেন টেস্ট ক্রিকেট থেকে। আগামী ১৭ জুন গলেতে শুরু হওয়া ম্যাচটিই হবে তার ১৬ বছরের লম্বা টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়।
শুক্রবার এক আবেগঘন বার্তায় ম্যাথিউস লেখেন, “শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর ক্রিকেট আমাকে দিয়েছে আমার পুরো জীবন।”
৩৭ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি সাদা বলের ক্রিকেটে দেশের প্রয়োজন হলে এখনো খেলতে প্রস্তুত, যদিও গত এক বছরে সীমিত ওভারের দলে জায়গা হয়নি তার।
টেস্ট ক্যারিয়ারে ম্যাথিউস খেলেছেন ১১৮টি ম্যাচ, করেছেন ৮,১৬৭ রান, গড় ৪৪.৬২, সেঞ্চুরি ১৬টি ও ফিফটি ৪৫টি। রান সংগ্রহে তিনি শ্রীলঙ্কার ইতিহাসে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের পর তৃতীয় স্থানে। বোলিংয়ে নিয়েছেন ৩৩টি উইকেট।
২০০৯ সালে টেস্ট অভিষেক হওয়া ম্যাথিউস ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত অধিনায়ক ছিলেন। তার অধিনায়কত্বের সবচেয়ে স্মরণীয় জয় ছিল ২০১৪ সালে ইংল্যান্ডের হেডিংলিতে, যেখানে তিনি ১৬০ রানের ইনিংসের পাশাপাশি ক্যারিয়ার সেরা ৪/৪৪ বোলিং করেন।
তবে তার ক্যারিয়ারে বিতর্কও ছিল—বিশেষ করে সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে দ্বন্দ্ব এবং ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি।
আগামী মাসে বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজের গল টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন শ্রীলঙ্কার অন্যতম সফল ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।










