ইসরায়েলের জেরুজালেম জেলা আদালত দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে সাক্ষ্যগ্রহণে দুই সপ্তাহের বিরতির আবেদন নাকচ করেছে।
নেতানিয়াহুর আইনজীবী আমিত হাদাদ দাবি করেন, ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক অগ্রাধিকারের বিষয়ে মনোযোগ দিতে হবে, তাই কিছুদিনের বিরতি প্রয়োজন। তবে ইসরায়েলের রাষ্ট্রীয় অ্যাটর্নি দফতর এই দাবির বিরোধিতা করে।
বিচারক রিভকা ফ্রিডম্যান-ফেল্ডম্যান বলেন, হাদাদের আবেদনে সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার মতো যথাযথ কারণ বা যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই, তাই আবেদনটি খারিজ করা হয়েছে।
এরই মধ্যে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা যুদ্ধের পর একটি বড় কূটনৈতিক সমঝোতা এবং নতুন আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগে কাজ করছে।
প্রসঙ্গত, নেতানিয়াহুর বিরুদ্ধে পাঁচটি দুর্নীতি মামলার তদন্ত চলছে। এর মধ্যে রয়েছে—ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে উপহার গ্রহণ, সংবাদমাধ্যমে ইতিবাচক প্রচারের বিনিময়ে নিয়ন্ত্রক সুবিধা দেওয়া, এবং প্রভাবশালী সংবাদপত্রের সঙ্গে আঁতাতের অভিযোগ।
বিশেষভাবে, ইয়েদিয়োথ আহরোনোথ পত্রিকার মালিকের সঙ্গে কথোপকথনে প্রতিদ্বন্দ্বী পত্রিকা ইসরায়েল হায়োম-এর ক্ষতি করতে সহায়ক আইন প্রণয়ন নিয়ে আলোচনা করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।










