Home বাংলাদেশ নিউমুরিং টার্মিনাল ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় চালানোর সিদ্ধান্ত

নিউমুরিং টার্মিনাল ছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় চালানোর সিদ্ধান্ত

145
0

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ছয় মাস বা নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকটি সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল সম্পর্কিত প্রস্তাব অনুমোদন করা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে নৌপরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, কারা টার্মিনালটি পরিচালনা করবে। তবে, এ জন্য কোনো দরপত্র আহ্বান করা হবে না, বরং সরাসরি ক্রয় পদ্ধতিতে এটি পরিচালিত হবে এবং এই ব্যবস্থাপনা ছয় মাসের জন্য কার্যকর হবে। বুধবার এ বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনার প্রস্তাব পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২২ অনুযায়ী অনুমোদন পেয়েছে।

এছাড়া, বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং, ইউরিয়া সার কেনা, এবং এলএনজি সরবরাহ সম্পর্কিত সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এলএনজি সরবরাহ বৃদ্ধির মাধ্যমে সার আমদানির পরিমাণ বাড়ানো সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনালটি ১৭ বছর ধরে একটি দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়ে আসছে। বর্তমানে সাইফ পাওয়ারটেক লিমিটেড এই টার্মিনালটি পরিচালনা করছে এবং তাদের চুক্তির মেয়াদ ৬ জুলাই শেষ হচ্ছে। এখানে পাঁচটি জেটি রয়েছে, যার মধ্যে চারটি সমুদ্রগ্রামী জাহাজ এবং একটি অভ্যন্তরীণ নৌপথের জাহাজ ভিড়তে পারে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here