ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিশর, ফিলিস্তিনসহ একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগ মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে জানায়, “উত্তরায় বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় যারা তাদের প্রিয়জন হারিয়েছেন, সেইসব পরিবারের প্রতি এবং আহতদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল।”
যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন ওয়েস্ট এক পৃথক শোকবার্তায় বলেন, “ঢাকায় একটি স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এতে অনেক শিশু আহত হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। আমি ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহতদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা জানাচ্ছি।”
এছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ভারত, চীন, জাপান, মিশর, ফিলিস্তিন, সুইজারল্যান্ড ও কানাডা—এসব দেশ ও সংস্থাও আনুষ্ঠানিকভাবে শোকবার্তা পাঠিয়েছে। তাদের বার্তায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং বাংলাদেশের প্রতি সংহতির প্রকাশ ঘটেছে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ৩১ জন নিহত এবং ১৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনা গোটা দেশ ও আন্তর্জাতিক মহলে গভীর বেদনাদায়ক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।








