Home বিশ্ব উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারত থেকে বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে

উত্তরার বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারত থেকে বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে

368
0

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসায় সহায়তা দিতে ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের একটি দল পাঠানো হচ্ছে। একই সঙ্গে দগ্ধ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও ওষুধপত্রও পাঠানো হচ্ছে ঢাকায়।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইউনিটে অভিজ্ঞতা সম্পন্ন দুইজন চিকিৎসক ও একটি ছোট নার্সিং টিম ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। জরুরি ভিত্তিতে আরও চিকিৎসক দল পাঠানোর প্রস্তুতিও রয়েছে বলে জানা গেছে।

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণ পরই ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোমবার সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, “এই সংকটময় সময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সবধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়, অধিকাংশ আহতের শরীরে পুড়ে যাওয়ার জখম রয়েছে, তাই দগ্ধ রোগীদের চিকিৎসায় বিশেষজ্ঞ টিম ও উন্নত চিকিৎসা সরঞ্জাম খুবই জরুরি। সেই অনুরোধের প্রেক্ষিতেই ভারত তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

ভারতীয় দূতাবাসের মাধ্যমে ঢাকার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রয়েছে এবং চিকিৎসা সহায়তার অংশ হিসেবে ভবিষ্যতেও আরও চিকিৎসক ও নার্স ঢাকায় পাঠানো হবে বলে নিশ্চিত করেছে দুই দেশের কূটনৈতিক সূত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here