Home খেলা শোকের ছায়া বুকেই রেখে মাঠে লড়াই, জয় ছিনিয়ে আনল বাংলাদেশ

শোকের ছায়া বুকেই রেখে মাঠে লড়াই, জয় ছিনিয়ে আনল বাংলাদেশ

356
0

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জন নিহত ও শতাধিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পুরো বাংলাদেশ, ব্যতিক্রম নয় জাতীয় ক্রিকেট দলও। প্রথম টি-টোয়েন্টিতে অনায়াস জয় তুলে নেওয়ার পরদিন বিশ্রামে থাকলেও, দুর্ঘটনার খবর শুনে ভারাক্রান্ত হয়ে পড়ে পুরো দল।

এই মর্মান্তিক পরিস্থিতির মাঝেও মাঠের লড়াই থেমে থাকেনি। মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে হাসিমুখের আড়ালেও ছিল শোকের ছাপ—যা স্পষ্ট হয়ে উঠে ম্যাচসেরা জাকের আলির আবেগভেজা কণ্ঠে।

৪৮ বলে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করা এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, “গতকালটা অনেক কঠিন ছিল। বুক ভারী হয়ে আসছিল সারাদিন। এটা এমন এক দুর্ঘটনা, যা কোনোভাবেই কাম্য নয়। যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের জন্য রইল দ্রুত আরোগ্য কামনা।”

তিনি জানান, গোটা দলই ভেতরে ভেতরে বিষাদে ডুবে ছিল। “দল হিসেবে আমরা কঠিন অবস্থার মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু আমরা পেশাদার ক্রিকেটার। মাঠে আমাদের দায়িত্ব পালন করতে হয়। চেষ্টা করেছি সব ভুলে দেশের জন্য, দলের জন্য সেরাটা দিতে,” বলেন জাকের।

শেষ দিকে ফাহিম আশরাফের ব্যাটে উত্তেজনা তৈরি হলেও পুরো ম্যাচেই দাপট দেখায় স্বাগতিকরা। প্রথম ম্যাচে ঝলক দেখানো পারভেজ হোসেনের পর দ্বিতীয় ম্যাচে আলো ছড়ান জাকের।

অসহনীয় শোকের ছায়া সঙ্গী করেই মাঠে নামেন টাইগাররা। জাতীয় ট্র্যাজেডির ভার বুকের মাঝে নিয়ে তারা প্রমাণ করেছেন—লাল-সবুজের প্রতিনিধিত্ব শুধু প্রতিভার নয়, দায়িত্ব ও আবেগেরও নাম। মাঠে লড়াই থেমে থাকেনি, থামেনি দেশের জন্য নিবেদনের গল্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here