Home খেলা ‘হৃদয় ভেঙে যাচ্ছে’—মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ তামিম ইকবালের

‘হৃদয় ভেঙে যাচ্ছে’—মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ তামিম ইকবালের

477
0

ঢাকার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে যখন শোকের ছায়া নেমে এসেছে, তখন আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সোমবারের (২১ জুলাই) দুর্ঘটনার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি প্রকাশ করেন এই বার্তা।

তামিম লিখেছেন, “যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।”
তার এই বার্তায় ফুটে ওঠে একজন নাগরিক ও পিতার মর্মবেদনা, বিশেষ করে যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে দগ্ধ শিশুদের মর্মান্তিক ছবি, আতঙ্কিত অভিভাবকদের আহাজারি এবং পোড়া ইউনিফর্ম পরে ছোটাছুটি করা শিক্ষার্থীদের দৃশ্য।

তবে কেবল শোকপ্রকাশে থেমে থাকেননি তিনি। তামিম সংবাদকর্মীদের উদ্দেশে সংবেদনশীল আচরণের আহ্বান জানিয়ে লেখেন, “সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে—আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন, দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।”

তামিমের এই মানবিক আহ্বান ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। হাজারো মানুষ তার এই বার্তাটি শেয়ার ও মন্তব্য করে সংহতি জানিয়েছেন। অনেকেই বলেছেন, এই ভয়াবহ সময়ে সংবেদনশীলতা ও সম্মিলিত সহানুভূতি সবচেয়ে বেশি প্রয়োজন।

প্রসঙ্গত, দুর্ঘটনার সময় বিমানটি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি উদ্ধার তৎপরতায় অংশ নেয়। আহতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী এবং তাদের অনেককে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন, অনেকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুরো জাতি আজ এক গভীর শোকাবহ পরিবেশের মধ্যে দিয়ে সময় পার করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here