Home বাংলাদেশ উত্তরার দুর্ঘটনায় নিখোঁজদের শনাক্তে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ্বান

উত্তরার দুর্ঘটনায় নিখোঁজদের শনাক্তে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আহ্বান

297
0

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনো অনেক ব্যক্তির পরিচয় শনাক্ত না হওয়ায়, নিখোঁজদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে বলেন, “নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি পরিবারের পক্ষ থেকে ডিএনএ নমুনা দেওয়া হয়েছে। অথচ যদি সব পরিবারের সদস্যরা নমুনা দেন, তাহলে দ্রুততম সময়ের মধ্যে ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে শনাক্তকরণ সম্ভব হবে।”

বিবৃতিতে আরও জানানো হয়, মালিবাগে সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) ভবনে গিয়ে নিখোঁজদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দিতে হবে। এই প্রক্রিয়ায় সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) মর্গে বর্তমানে ছয়টি মরদেহ রয়েছে যেগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এসব মরদেহ থেকে ইতোমধ্যে ডিএনএ নমুনা সংগ্রহ করে প্রোফাইল তৈরি করা হয়েছে। সেগুলোর সঙ্গে পরিবারের সদস্যদের নমুনা মিলিয়ে দ্রুততম সময়ের মধ্যে সিআইডি ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হবে।

উল্লেখ্য, সোমবারের (২১ জুলাই) ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন, যাদের শনাক্তে এই ডিএনএ পরীক্ষা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here